Uncategorized
বাতিল হচ্ছে আরিফিন শুভর ‘কোটায়’ পাওয়া প্লট
ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে সংরক্ষিত কোটায় বরাদ্দ পাওয়া ১০ কাঠার প্লটটি বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে মুজিব সিনেমার প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে বলে জানা গেছে।
গতকাল (বুধবার) প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন রাজউকের চেয়ারম্যান মে. জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার।
জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর অনুষ্ঠিত রাজউকের বোর্ড সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে ১০ কাঠা এবং প্রযোজক লিটন হায়দারকে ৩ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর এ প্লটের বিপরীতে শুভ সরকার-নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্রও গ্রহণ করেন। কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি এ প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি।
এরই মধ্যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুভর প্লটসহ গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে হিসাব-নিকাশ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আরিফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক।
জানা যায়, সাবেক শেখ হাসিনা সরকারের তোষামোদি করে প্লট বাগিয়ে নিয়েছেন আরিফিন শুভ। তার প্লটের আইডি নম্বর-০১-৪০৩-০০৮, কোড নম্বর-১৯০৮৯৯ এবং ১৩/এ-ধারায় তিনি প্লট বরাদ্দ পেয়েছেন। এ ধারায় সংরিক্ষত কোটায় প্লট বরাদ্দ দেওয়া হয়ে থাকে। ২০২৩ সালের ২৭ নভেম্বরের বোর্ড সভার সিদ্ধান্তে এ প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে রাজউকের সংশ্লিষ্টরা জানান।
তারা জানান, রাজউকের বরাদ্দ নীতিমালা অনুযায়ী সংরক্ষিত কোটায় প্লট দেওয়া হয় ১৩-এ ধারাতে। সেখানে বলা হয়েছে-সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা; যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন, তাদেরকে এ ধারায় প্লট দেওয়া যায়। তবে এ ধারার শর্ত অনুযায়ী যাদের রাজউক এলাকায় যাদের নিজস্ব প্লট বা ফ্ল্যাট রয়েছে, তারা প্লট পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হন না।
২০২৩ সালে ‘মুজিব’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ এ অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। মাত্র ১ টাকার বিনিময়ে বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন এই নায়ক। তবে জানা যায়, তার বিনিময়ে পেয়েছিলেন রাজউকের ১০ কাঠার একটি প্লট। সংরক্ষিত কোটায় সেই প্লট পান শুভ।