বিনোদন
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। আগামী দুই বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা এই শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারের পালাবদলের পর শিল্পকলায় লিয়াকত আলী লাকী যুগের অবসানের পর এ দায়িত্বে কে আসছেন তা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা থাকার মধ্যে এ নিয়োগ হল। সাত দফায় মেয়াদ বাড়ানোর পর ১৩ বছর এ দায়িত্বে ছিলেন লাকী।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার প্রজ্ঞাপন জারির খবর পাওয়ার পর নাট্য নির্দেশক সৈয়দ জামিল বলেছেন, তিনি মঙ্গলবার এ পদে যোগ দিতে ইচ্ছুক।
এছাড়া তিনি আরও বলেন, “শিল্পকলা একাডেমিতে কিছু অরাজক অবস্থা রয়েছে, তা নিয়ে জনমনে ক্ষোভও রয়েছে। আমি বোঝার চেষ্টা করব এই ক্ষোভের জায়গাটা এবং সেটি সংশোধন করে শৃংখলা ফেরানোর কাজ করব। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই। সবার সঙ্গে কথা বলতে চাই।”
সৈয়দ জামিল আহমেদ ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ১৯৮৯ সালে ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পান তিনি।