বিনোদন
বাংলাদেশে আসতে পারছেন না কলকাতার শিল্পীরা
আন্দোলন, সরকার পতন এবং নতুন সরকার গঠনের পর দেড় মাস পেরিয়ে গেলেও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ-ভারতের যৌথ চলচ্চিত্রের কাজ এগিয়ে ‘নেওয়া যাচ্ছে না’। কারণ,বাংলাদেশে আসতে ভিসা জটিলতায় পড়েছেন কলকাতার শিল্পীরা। ঢাকায় এসে শুটিং করার ওয়ার্ক পারমিটের আবেদনে সাড়া পাচ্ছেন না তাঁরা।
এই যেমন সেপ্টেম্বরে বাংলাদেশের দুইটি সিনেমায় শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল কলকাতার দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখার্জির। কিন্তু তা সম্ভব হয়নি।
পরিচালক হিমু আকরামের ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের ১ তারিখ থেকে। এই সিনেমার প্রধান অভিনয়শিল্পী কলকাতার স্বস্তিকার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল ৭ বা ৮ সেপ্টেম্বর থেকে। তবে শুটিং শুরু করা সম্ভব হয়নি।
সিমেমাটির পরিচালক হিমু আকরাম বলছেন, ‘সেপ্টেম্বরের শুরুতেই শুটিংয়ের পরিকল্পনা রেখেছিলাম। আমাদের সব কিছুই প্রস্তুত, কিন্তু স্বস্তিকা মুখার্জি কলকাতা থেকে ঢাকায় এসে কাজ করবে, ওয়ার্ক পারমিটের আবেদন করে রেখেছি, পাচ্ছি না। ভিসা প্রসেসিংয়েরও একটা জটিলতায় পড়ে গিয়েছি। তাই সিনেমাটি শুরু করা যাচ্ছে না। শুটিং আরও দুই মাস পেছাতে হচ্ছে। ওয়ার্ক পারমিটের অনুমতি কবে পাওয়া যাবে সেটাও জানি না। সিনেমার সব কিছুই চূড়ান্ত হয়ে আছে, সময়মতো শুটিং শুরু না হলে তো একটা ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে। আমরা এই পরিস্থিতি নিয়ে চিন্তিত।’
অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে রাশিদ পলাশের পরিচালনায় ‘তরী’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পশ্চিবমবঙ্গের তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু সেখানেও ওয়ার্ক পারমিট ও ভিসা সমস্যা বাধ সেধেছে। রাশিদ পলাশ বলছেন, ‘দুই বাংলার কাজের ক্ষেত্রে কোনো সংকট তৈরি হোক আমরা তা চাই না। আমার মনে হয় খুব দ্রুতই সংকট কেটে যাবে এবং আশা রাখছি কাজটিও ভালো করেই শেষ করতে পারব।’