বিনোদন

‘স্কুইড গেম’ গল্প চুরির অভিযোগ উড়িয়ে দিল নেটফ্লিক্স

Published

on

বিশ্বব্যাপী আলোড়ন করে নেটফ্লিক্সের স্কুইড গেম সিরিজ মুক্তি পায় ২০২১ সালে। কোরিয়ান ওই সিরিজ মুক্তি পাওয়ার পর সব রেকর্ড ভেঙে নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা সিরিজের খেতাব নিজের করে নেয়। ওয়েব সিরিজটির নাম ‘স্কুইড গেম’। তিন বছর পর সম্প্রতি স্কুইড গেমের বিরুদ্ধে নকলের অভিযোগ এনেছেন ভারতীয় নির্মাতা সোহম শাহ। সোহমের দাবি, তাঁর নির্মিত ‘লাক’ সিনেমার গল্প টুকে স্কুইড গেম বানিয়েছেন কোরিয়ান নির্মাতা হোয়াং ডং-হিউক। তবে ভারতীয় নির্মাতার এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নেটফ্লিক্স।

নির্মাতা সোহম শাহের দাবি, ২০০৯ সালেই লাক সিনেমায় এমন গল্প দেখিয়েছিলেন তিনি। লাক সিনেমায় দেখা যায়, মুসা নামের এক মাফিয়া কিছু মানুষকে বেছে নিয়ে তাদের ভাগ্যবদলের সুযোগ করে দেয়। তাদের ঢুকিয়ে দেয় এমন এক খেলায়, যে খেলায় জিতলে পাওয়া যাবে অনেক অর্থ, আর হারলে নিশ্চিত মৃত্যু। এতে অভিনয় করেন সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী, ইমরান খান, শ্রুতি হাসান প্রমুখ।
সোহম জানান, গল্পটি তিনি লিখেছিলেন ২০০৬ সালে। সিনেমাটি মুক্তির পর ভারতের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশে মুক্তি পায়।

অন্যদিকে, হোয়াং ডং-হিউক স্কুইড সিরিজের গল্প লেখেন ২০০৯ সালে, যে বছর লাক মুক্তি পায়। সোহমের আশঙ্কা, হোয়াং ডং-হিউক হয়তো লাক দেখেছেন এবং সেটার আদলে স্কুইড গেমের গল্প লিখেছেন। তাই নকলের অভিযোগ ও ক্ষতিপূরণের দাবি নিয়ে নেটফ্লিক্সের দ্বারস্থ হয়েছেন সোহম শাহ। তবে হিন্দুস্তান টাইমসকে এ বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেছেন, ‘এ দাবির কোনো ভিত্তি নেই। স্কুইড গেম সম্পূর্ণ হোয়াং ডং-হিউকের সৃষ্টি। তাঁর পক্ষেই আমাদের অবস্থান অটল থাকবে।’

জানা গেছে, প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের পর নেটফ্লিক্স তৈরি করছে স্কুইড গেমের দ্বিতীয় সিজন। প্রথম সিজনের গল্প যেখানে শেষ হয়েছে, তার তিন বছর পরের গল্প দেখা যাবে দ্বিতীয় সিজনে। ‘স্কুইড গেম টু’র প্রিমিয়ার হবে আগামী ২৫ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com