বিনোদন
বিচ্ছেদের বর্ষপূর্তিতে শুকরিয়া আদায় পরীমণির
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে। গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরী। এরপরই আলাদা হয়ে যায় দু’জনের গন্তব্য।
২০২১ সালের বিয়ের পর দুই বছর টিকেছিল রাজ-পরীরর সংসার। এর মধ্যে একাধিকবার তাদের সংসার ভাঙার খবর সামনে আসে। সকল জল্পনার অবসান ঘটিয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরেই আলাদা হয়ে যান এই জুটি।
পরীমণি যখন রাজকে ডিভোর্সের লেটার পাঠান তখন তিনি এই নায়কের সন্তানের মা। বিচ্ছেদের পর ছেলে পূণ্যকে নিজের কাছেই রেখে দেন এই অভিনেত্রী। একইসঙ্গে বাবা-মা উভয়ের দায়িত্বই পালন করতে শুরু করেন।
সে কারণেই বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্তিতে নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি। একইসঙ্গে, রাজের সঙ্গে সম্পর্ক থেকে বের হয়ে আসায় শুকরিয়া আদায় করেছেন তিনি।
বিবাহবিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করে পরী লেখেন, শুকরিয়া। আমারা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী! শেষে একটি লাভ ইমোজি জুড়ে দেন পরীমণি।
দাম্পত্যে টানাপোড়েনের মধ্যে এক বছর আগে শেষ পর্যন্ত ভেঙে যায় ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসার। গত ১৮ সেপ্টেম্বর রাজের ঠিকানায় ডিভোর্স নোটিশ পাঠিয়ে ছিলেন পরীমণি। তবে সে খবর সামনে আসে দুই দিন পর, ২০ সেপ্টেম্বর। গণমাধ্যমের হাতে আসে ডিভোর্স নোটিশের একটি কপি।
জানা যায়, রাজের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ঠিকানায় ডিভোর্স নোটিশ পাঠানো হয়। মূলত বিচ্ছেদপত্রে চারটি কারণ দেখান পরীমণি। ১. মনের অমিল হওয়া, ২. বনিবনা না হওয়া, ৩. খোঁজ না নেয়া এবং ৪. মানসিক অশান্তি।
পরীমণি এবং শরিফুল রাজ ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়েই সম্পর্কে জড়ান। এরপর প্রেম পর্ব কাটিয়ে বসে যান বিয়ের পিঁড়িতে। ২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন পরীমণি ও শরীফুল রাজ। ২০২২ সালে এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান। চলতি বছরের মে মাসে এক কন্যা সন্তান দত্তক নেন এই তারকা। তার মেয়ের নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। তবে ‘রানা প্লাজা’ (২০১৫) সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। পরীমণির উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মা, গুণিন, মুখোশ, বিশ্বসুন্দরী, স্বপ্নজাল, আমার প্রেম আমার প্রিয়া, রক্ত, মহুয়া সুন্দরী প্রভৃতি।