বিনোদন
তোপের মুখে শিল্পকলা ছাড়লেন জ্যোতি
শেখ হাসিনা সরকারের আমলে শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে ‘আলো আসবেই’ নামে হোয়াটসআপ গ্রুপে যুক্ত হয়ে সরব ছিলেন তিনি।
৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর মঙ্গলবার প্রথমবার শিল্পকলা একাডেমিতে গিয়েছিলেন জ্যোতি। কিন্তু অভিনেত্রী অফিসে প্রবেশের পরই সহকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। একপর্যায়ে শিল্পকলা একাডেমি ছাড়তে বাধ্য হন তিনি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র ইনস্ট্রাক্টর আইরিন পারভীন লোপা গণমাধ্যমে জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর অফিসে প্রবেশ করেন জ্যোতি। শিল্পকলা একাডেমিতে যাওয়ার পরই বাইরে বিভিন্ন বিভাগের সহকর্মীদের জড়ো হতে দেখে অফিস রুমের দরজা বন্ধ করে দেন তিনি।
আইরিন পারভীন লোপা বলেন, তিনি (জ্যোতিকা জ্যোতি) অফিসে আসায় আমরা হতবাক হয়েছি। তিনি কীভাবে অফিসে আসেন, যিনি স্বৈরাচার সরকারের হয়ে কথা বলেছেন। যারা সরাসরি বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করতে উৎসাহিত করেছেন, যারা রক্ত ঝরার জন্য দায়ী, তাদের আমরা সহকর্মী হিসেবে চাই না।
বহুল আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য ছিলেন জ্যোতিকা জ্যোতি। এ তথ্য উল্লেখ করে লোপা বলেন, আমরা তাকে অফিস থেকে চলে যেতে বলেছি। কারণ তিনি ‘আলো আসবেই’ নামে একটি গ্রুপে যুক্ত হয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। এমন লোক আমরা দেখতে চাই না।
এরপর দুপুর দেড়টার দিকে শিল্পকলা একাডেমি ছেড়ে চলে যান অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।