বিনোদন

মির্জার হয়ে আসছেন মোশাররফ করিম

Published

on

গোয়েন্দা গল্প নিয়ে ওয়েব ফিল্ম বানাচ্ছেন সুমন আনোয়ার। নাম ‘মির্জা’। নাম ভূমিকায় আছেন মোশাররফ করিম। ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে ফিল্মটির শুটিং। নির্মাতা জানালেন, ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হবে মির্জা। প্রথম পর্বের নাম ‘ক্লাব টোয়েন্টি নাইন’। চলতি বছরের শেষ নাগাদ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি।

মির্জার গল্প নিয়ে নির্মাতা সুমন আনোয়ার বলেন, ‘এক ব্যক্তির গোয়েন্দা হয়ে ওঠার গল্প মির্জা। গোয়েন্দা হয়ে উঠতে যে গুণাবলি দরকার, তার চেয়ে কিঞ্চিৎ কম নিয়ে মির্জা কাজে নেমে পড়ে। মির্জার গোয়েন্দা হয়ে ওঠার গল্প নিয়েই এর প্রথম কিস্তি। ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হবে এটি। প্রতি পর্বে দেখা যাবে ভিন্ন গল্প। প্রথম পর্বের নাম ক্লাব টোয়েন্টি নাইন। এরপর ধারাবাহিকভাবে আসবে মির্জার পরের কিস্তিগুলো।’

সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী সুমন আনোয়ার। তিনি বলেন, ‘প্রতিটি গল্পের শুটিং শেষে নির্মাতা হিসেবে একধরনের প্রত্যাশা থাকে। মির্জার ক্ষেত্রেও আমার সেই প্রত্যাশা আছে। মির্জার গল্প, শিল্পীদের পারফরম্যান্স—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড।’

তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শুটিং করা সহজ ছিল না বলে জানালেন নির্মাতা। সুমন আনোয়ার বলেন, ‘দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে এমন একটি কোয়ালিটি প্রোডাকশন তৈরি করাও যুদ্ধের মতো। দিন শেষে আমাদের শুটিং দুর্দান্ত হয়েছে। কিন্তু এই শুটিংয়ের পেছনে আমার যে পরিশ্রম হয়েছে, সেটা হওয়ার কথা ছিল না। নিজের দায়িত্বের বাইরেও অনেক কাজ করতে হয়েছে। সমস্যা হলো, আমাদের এখানে পেশাদারত্বের অভাব আছে। শিল্পের সঙ্গে জড়িত সবাইকে জানতে হবে, শুটিংটা আসলে কী। একটা কাজের সঙ্গে ৭০-৮০ জন মানুষ জড়িত থাকে। তারা যদি নিজেদের কাজটা বুঝতে পারে, তাহলেই ভালো একটি প্রোডাকশন তৈরি সম্ভব। পেশাদারত্ব সৃষ্টি করতে হলে আমাদের ইনস্টিটিউট প্রয়োজন।’

মির্জাতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পারসা ইভানা। সিনেমাটি নিয়ে তিনিও খুব আশাবাদী। শুটিং ইউনিটের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার জন্য আশীর্বাদের মতো। এ ছাড়া নির্মাতা সুমন আনোয়ারের পরিচালনায় কাজ করা বড় একটি সুযোগ। মির্জার সঙ্গে জড়িত সবাইকে অনেক ধন্যবাদ। মির্জা রিলিজের অপেক্ষায়।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, তামান্না হক বর্ণা, সৌমি, দিলরুবা দোয়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com