বিনোদন
এবার শাকিব খানের সঙ্গে যিশু সেনগুপ্ত
এপার, ওপার দুই বাংলার মিশেলে একের পর এক নতুন ছবি আসছে । সেই ধারাবাহিকতায় এবার ভায়োলেন্স, অ্যাকশন ও রোম্যান্টিক ধাঁচের ‘বরবাদ’-সিনেমায় শাকিব খানের সঙ্গে কলকাতার শক্তিশালী অভিনেতা যিশু সেনগুপ্ত অভিনয় করবেন বলে জানা গেছে। এর আগে তুফান সিনেমায় অভিনয় করার কথা থাকলেও শিডিউল জটিলতায় তা সম্ভব হয়নি। তবে এবার ব্যাটে বলে মিলে গেলে ঢালিউড কিং খানের সঙ্গে যিশুর দেখা মিলবে এ সিনেমায়।
ইতোমধ্যে ‘বরবাদ’ সিনেমার শুটিং শুরু হয়েছে মুম্বাইয়ে। দুদিন আগেই শাকিব খান ও ইধিকা পাল শুরু করেছেন এ সিনেমার শুটিং। টানা এক মাস শুটিংয়ের উদ্দেশ্যে মুম্বাইয়ে অবস্থান করবেন দেশের এ তারকা। ধারণা করা হচ্ছে, সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
কিছুদিন আগে বিশ্বব্যাপী অভূতপূর্ব সাড়া মিলেছে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। সেই সাফল্যে রীতিমত উড়ছেন এই মেগাস্টার।
অন্যদিকে, যিশু সেনগুপ্ত পশ্চিমবঙ্গের অভিনেতা হলেও কাজ করেছেন বলিউড ও দক্ষিণী সিনেমায়। জি-বাংলার রিয়্যালিটি শো-এর উপস্থাপনার কারণে তিনি বাংলাদেশে সুপরিচিত।
বর্তমানে এপার বাংলার বহু তারকাদের দেখা যাচ্ছে বাংলাদেশী নাটক, ছবিতে। এই তালিকায় রয়েছেন মিমি চক্রবর্তী, দর্শনা বণিক, শ্রীলেখা মিত্র, ইধিকা পাল সহ আরও অনেকে। অন্যদিকে বাংলাদেশের মোশারফ করিম, পরীমণি থেকে শুরু করে চঞ্চল চৌধুরীকে দেখা গিয়েছি ওপার বাংলার ছবি ও সিরিজে। এবার শাকিবের সঙ্গে যিশুকে নতুন অবতারে দেখার ইচ্ছে তাঁর দুই বাংলার অনুরাগীদের। এখন অপেক্ষা এই ছবির আনুষ্ঠানিক ঘোষণার।