বিনোদন
আসছে শীতে হতে যাচ্ছে দীঘি-শাওনের বিয়ে
শোবিজ অঙ্গনে মাঝে মাঝেই লেগে থাকে বিয়ের ধুম। এদিকে শরৎ শেষেই আসছে শীতে প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন। তাও আবার হালের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির, বর হবেন অভিনেতা সৈয়দ জামান শাওন। তাদের বিয়ে বলে কথা! সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ।
তবে, এই বিয়ের আয়োজনটি কোনো কমিউনিটি সেন্টার বা বাসা-বাড়িতে নয়; বসবে প্রেক্ষাগৃহে!
তাই বিয়ের আয়োজনটি দেখাতে বেশ কিছু কার্যক্রমের মাঝ দিয়ে যেতে হয়েছে আয়োজকদের। এ জন্য প্রয়োজন হয়েছে অনুমতির।
যদিও এই বিয়ের কাজ অনেকটাই প্রস্তত। কারণ তাদের এই বিয়ে হবে বড় র্পদায়, অর্থাৎ সিনেমায়। যার শিরোনাম ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’।
ইতিমধ্যেই মিলেছে সার্টিফিকেশন বোর্ডের অনুমোদনও। কোনো দৃশ্য কাটা ছাড়াই সেন্সর সার্টিফিকিশেন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে। অর্থাৎ সিনেমাটি সব বয়সী দর্শকরা দেখতে পাবেন। এর ফলে আয়োজনে আর কোনো বাধা রইল না।
এদিকে সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও ইউ গ্রেডের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা।
দীঘি ও শাওন ছাড়াও ওই সিনেমাতে আরও অভিনয় করেছেন কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীর, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, আবু হুরায়রা তানভীর, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকীসহ অনেকে।