বিনোদন
দীর্ঘ ২৯ বছরের সংসারের ইতি টানেন এ আর রহমান
তারকাদের বিয়ের সানাইয়ের আবহ কাটতে না কাটতেই বেজে ওঠে বিচ্ছেদের সুর। কারও কারও ২-৩ যুগ পার হওয়ার পরেও বিচ্ছেদ হয়। সম্প্রতি তেমনি একটি ঘটনা সবাইকে অবাক করেছে। অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু দাম্পত্য জীবনের ইতি টেনেছেন দীর্ঘ ২৯ বছর পর।
২০২৪ সালের শেষ প্রান্তে এসে ভক্তদের হতবাক করলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী এ আর রহমান। স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন অস্কারজয়ী এই শিল্পী।
সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ ‘ইন্ডিয়া টুডে’-কে এই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সায়রা জানান, বহু বছর একসঙ্গে থাকার পরও তাদের সম্পর্কের মধ্যে তৈরি হওয়া মানসিক চাপ ও দূরত্ব কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এ কারণেই তারা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে সায়রা আরও বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। অনেক কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। এখন শুধু চাই, সবাই আমাদের গোপনীয়তাকে সম্মান করবে এবং আমাদের একান্তে থাকতে দেবে।”
১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান। তাদের তিন সন্তান—খতিজা, রহিমা ও আমিন। তবে বিয়ের শুরুর দিকেই রহমানের সাক্ষাৎকারে উঠে এসেছিল, তাদের মধ্যে সাংস্কৃতিক মতবিরোধ ছিল। যদিও সে সময় তিনি বলেছিলেন, এই বিষয়গুলো বুদ্ধিমত্তার সঙ্গে সামলাচ্ছেন তারা।
এ দম্পতির উভয়েই জোর দিয়ে উল্লেখ করেছেন, সম্পর্কে ‘তীব্র যন্ত্রণা’ ও ‘আঘাত’ থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে অনুরোধ করে ওই দম্পতি জানিয়েছেন, তাঁরা আরও বেশি কঠিন সময় পাড় করছেন। সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য না করতে ভক্তদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন তাঁরা।
এ আর রহমানের একমাত্র ছেলে আমিন ইনস্টাগ্রামে এক পোস্টে তাদের ‘পারিবারিক গোপনীয়তা’ রক্ষায় সবার জন্য অনুরোধ করেছেন।